বরিশাল মেহেন্দিগঞ্জে মেঘনায় ঝড়ের কবলে নৌকাডুবি, দুই জেলে নিখোঁজ
বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় দুই জেলে নদীতে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।রোববার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মণ্ডল।এর আগে শনিবার (২ মে) বিকেলে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাটসংলগ্ন নদীতে এই ঘটনা ঘটে।নিখোঁজ জেলেরা হলেন: মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) ও একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।নৌকা থেকে জীবিত ফিরে আসা জেলে মামুন জানান, বিকেলে তারা চারজন মিলে নদীতে জাল তুলছিলেন। হঠাৎ আকাশ কালো করে প্রচণ্ড বেগে কালবৈশাখী শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায় এবং চারজনই নদীতে ছিটকে পরেন।মামুন ও আজিম নামে দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চোখের পলকেই শিপন ও জুয়েল উত্তাল মেঘনায় তলিয়ে যান।আরও পড়ুন , পুকুরপাড়ে পচছে আলু গঙ্গাচড়ায় দিশেহারা কৃষক, লোকসানের বোঝা বাড়ছে দিনদিননিখোঁজ জুয়েলের স্বজন মো. আফসার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ট্রলার নিয়ে তারা উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞ ডুবুরি দলের সহায়তা চেয়েছেন।মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’হিজলা নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, ‘নিখোঁজদের উদ্ধারে নদীর তীরবর্তী এলাকায় মাইকিং ও নদীতে তল্লাশি অভিযান চলমান রয়েছে।’