দৈনিক সংবাদ দিগন্ত

বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির

বিএনপি তাদের নির্বাচনি প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রবিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।ডক্টর শফিকুর রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এসে মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো বাতিল করে দিয়েছে। গুম কমিশন, মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুদক, পিএসসি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। তিনি বলেন, বিএনপি এসব কমিশন বাতিল করে ফ্যাসিবাদকে শক্তিশালী করার চেষ্টা করছে। তারা বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছে।আরও পড়ুন, মব কালচার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা দাবি এনসিপিরডক্টর শফিকুর রহমান আরও বলেন, বিএনপি সংসদে দুই-তৃতীয়াংশ ক্ষমতাবলে গায়ের জোরে কাজ করছে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে দলীয়করণ করে বিএনপি নিজেদের নির্বাচনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি বলেন, আগামীতে ফ্যাসিবাদ চূড়ান্তভাবে পরাজিত হবে। জনগণের বিজয় হবে। দেশবাসীকে সেই চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। জামায়াতের আমির আরও বলেন, জুলাই যোদ্ধারা এক পা কেটে ফেলার পরও বলেছিলেন, ‘প্রয়োজন হলে পুরো শরীরই দেবো! কিন্তু জুলাই কাউকে ছিনিয়ে নিতে দেবো না।’ডক্টর শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংশোধনের জন্য প্রজ্ঞাপন জারি করেছিল, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এর মাধ্যমে বিএনপি আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংবিধান যদি জনগণের জন্য হয়, তবে জনগণের ম্যান্ডেট মেনেই সংবিধান সংস্কার করতে হবে। আরও পড়ুন, ক্ষমতা হারিয়ে সংকটে আওয়ামী লীগ মাঠে সক্রিয় নেতৃত্ব চায় তৃণমূলমতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। স্বাগত বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির