জাতীয় সংলাপ আয়োজন করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর মতে, আওয়ামী লীগকে বাদ দিয়ে আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না। মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। টকশোতে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে যেকোনো ধরনের আলোচনা করা সম্ভব হলেও তা জাতীয় সংলাপ হিসেবে বিবেচিত হবে না। তাঁর দাবি, দেশের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ আওয়ামী লীগের সমর্থক। দলটির জনসমর্থন নিয়ে বিভিন্ন জরিপের তথ্যও তুলে ধরেন তিনি। আওয়ামী লীগকে আলোচনায় আনার আগে দলটিকে অপরাধ স্বীকার কিংবা ক্ষমা চাইতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, তাদের আলোচনার টেবিলে আনতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তবে আওয়ামী লীগ অপরাধ করেছে কি না, এমন প্রশ্নে তিনি স্পষ্টভাবে বলেন, অবশ্যই অপরাধ করেছে। যাঁরা অপরাধ করেছেন, তাঁদের সুষ্ঠু বিচার নিশ্চিত করার পক্ষেও মত দেন তিনি। আরও পড়ুন,আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিলএকই সঙ্গে আলোচনার মাধ্যমে দলটির নেতারা নিজেদের কর্মকাণ্ড নিয়ে অনুতপ্ত কি না, তা জানার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, সামনের পরিস্থিতি এখনো অনেকটা অনিশ্চিত। আগামী জানুয়ারির মধ্যে অনেক কিছু পরিষ্কার হতে পারে বলে মনে করেন তিনি। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রুমিন ফারহানা। তাঁর মতে, রাজনৈতিক মত ও পথের ভিন্নতা থেকে সমাজে বিভক্তি এবং সহিংসতা তৈরি হচ্ছে। রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আলোচনার পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। জাতীয় সংলাপ, ন্যায়বিচার এবং রাজনৈতিক বিভাজন নিয়ে তাঁর এই বক্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।