জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ৭ ও ৮ নভেম্বর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও কলেজে এসব কর্মসূচি পালন করবে সংগঠনটি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। কর্মসূচি সফল ও সার্থক করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর (শনিবার) দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও কলেজে পোস্টার সাঁটানো হবে। আরও পড়ুন, ধানমন্ডি হত্যাচেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার উর্মিএকই দিন সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে ছাত্রদলের ঢাকার সব ইউনিট অংশ নেবে। দুই দিনের কর্মসূচির শেষ দিন ৮ নভেম্বর (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করবে ছাত্রদল। একই দিন দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, মহানগর ও জেলা পর্যায়েও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।