নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক চোরাকারবারি
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এসময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ৬টি পিকআপ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা। গত রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার নৈহাটী এলাকা থেকে তাকে গরুসহ আটক করা হয়। সোমবার বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, উপজেলার নৈহাটী বাজারে সপ্তাহে সোমবার গরু হাট বসে। বিভিন্ন এলাকার কয়েক লাখ গরু এই হাটে কেনাবেচা হয়। পাশ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু এই বাজারে এনে বিক্রির অভিযোগ রয়েছে। আরও পড়ুন, বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণারোববার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে বাজারের পাশ থেকে আলমগীরকে ৩২ গরুসহ আটক করা হয়। এসময় গরু পরিবহনে ব্যবহৃত ৬টি পিকআপ জব্দ করা হয়। বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক আলমগীরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।