দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু

দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানী ঢাকায় আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নাশকতা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি ও টহল বাড়ানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতা করে রাজধানীতে পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। নাশকতার উদ্দেশ্যে কেউ বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই তল্লাশিচৌকির লক্ষ্য। তিনি আরও বলেন, নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মগোপনে থাকা ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে শিগগির আরও অভিযান চালানো হবে।আরও পড়ুন, ডেমরায় ডিএসসিসি প্রশাসকের সামনেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুরএদিকে গোপালগঞ্জের সাম্প্রতিক নাশকতার ঘটনার পর রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৯ নভেম্বর আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। রাজধানীতে ডিএমপি, গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সমন্বিতভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ডিবি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, রাজধানীর প্রবেশপথ, সাভার, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ আশপাশের জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন এলাকা, মেস ও আবাসিক হোটেলেও নিয়মিত এবং আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতা ও মাঠপর্যায়ের কর্মীদের শনাক্ত করে গ্রেপ্তারে দেশজুড়ে অভিযান চলছে। নাশকতার সরঞ্জাম ও অস্ত্র সংগ্রহের উৎস বন্ধেও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু