চাঁদের মাটিতে আলু চাষ করে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলার ক্ষেত্রে এই সাফল্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বিজ্ঞানীদের দাবি, চাঁদের মাটিতে ফসল উৎপাদন সম্ভব হলে মহাকাশচারীদের খাবারের জন্য পৃথিবীর ওপর নির্ভরশীলতা অনেকটাই কমবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় এই গবেষণা চালিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। সম্প্রতি ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণার ফলাফল। গবেষণায় চাঁদ থেকে সংগ্রহ করা পাঁচ ধরনের মাটিতে ‘মোডক’ প্রজাতির আলু চাষ করা হয়। লালচে খোসা ও সাদা শাঁসের এই আলু দ্রুত বেড়ে ওঠার জন্য পরিচিত। তবে চাঁদের মাটিতে চাষাবাদ মোটেও সহজ নয়। চাঁদের পৃষ্ঠের মাটি রেগোলিথ নামে পরিচিত। এতে পৃথিবীর মাটির মতো জৈব পদার্থ ও নাইট্রোজেন নেই। পাশাপাশি তামাসহ বিভিন্ন ভারী ধাতু থাকায় উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এই সমস্যা সমাধানে গবেষকরা চাঁদের মাটির সঙ্গে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার মেশান। এতে মাত্র ৫ শতাংশ সার মেশানোর পরই আলুর শিকড় গজাতে শুরু করে। আরও পড়ুন,দক্ষিণ এশিয়ার শ্রমিকদের দিকে ঝুঁকছে জাপানআর ৩০ শতাংশ সার মেশালে পৃথিবীর মাটির মতো ভালো ফলন পাওয়া যায়। গ্রিনহাউসে ছোট টবে চালানো এই পরীক্ষায় উৎপাদিত প্রতিটি আলুর ওজন ছিল ১০ গ্রামের কম। বিজ্ঞানীরা এখনো এসব আলু খেয়ে দেখেননি। তবে পরীক্ষাগারে বিশ্লেষণে এগুলো খাওয়ার উপযোগী বলে প্রাথমিক ফল পাওয়া গেছে। কয়েকটি নমুনায় সামান্য ভারী ধাতুর উপস্থিতি পাওয়ায় আরও পরীক্ষা ও নজরদারির প্রয়োজন রয়েছে। বিজ্ঞানীদের এই গবেষণার পেছনে রয়েছে চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি বসতি স্থাপনের পরিকল্পনা। নাসা ও চীনের চাঁদে মানুষ পাঠানো এবং স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনায় স্থানীয়ভাবে খাবার উৎপাদন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আলুর পাশাপাশি চাঁদের মাটিতে ছোলা, টম্যাটো, লেটুস ও আলফালফা চাষ নিয়েও গবেষণা চলছে। গবেষকদের মতে, চাঁদে খাদ্য উৎপাদনের এই প্রযুক্তি শুধু মহাকাশেই নয়, পৃথিবীর মরুভূমি, ঘনবসতিপূর্ণ শহর এবং অনুর্বর জমিতে ফসল উৎপাদনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। সব মিলিয়ে চাঁদের মাটিতে আলু চাষের এই সাফল্য ভবিষ্যতের মহাকাশ অভিযানে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।