দৈনিক সংবাদ দিগন্ত

গঙ্গাচড়ায় সাপখেলা দেখাকে কেন্দ্র করে বৃদ্ধের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় সাপখেলা দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ধাক্কা ও ঘুষির ঘটনায় এন্দাজ মিয়া (৭৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।নিহত এন্দাজ মিয়া কাশিয়াবাড়ি গ্রামের গহর উদ্দিনের ছেলে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কাশিয়াবাড়ি বাজারে সাপখেলা চলছিল। সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে সেখানে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মো. মানিক মিয়া (৪৫) এন্দাজ মিয়ার বড় ছেলে আব্দুল মালেকের সঙ্গে ধাক্কাধাক্কি ও ঘুষি মারামারিতে জড়ান বলে অভিযোগ করা হয়েছে।পরে আবারও তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে খবর পেয়ে এন্দাজ মিয়া ঘটনাস্থলে যান। এ সময় মানিক মিয়া তাঁর ওপর চড়াও হয়ে ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে এন্দাজ মিয়া ঘটনাস্থলেই পড়ে যান এবং পরে তাঁর মৃত্যু হয়।অভিযুক্ত মানিক মিয়া কাশিয়াবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে।আরও  পড়ুন,মাদক-অস্ত্র-চোরাচালানে পুলিশের সাঁড়াশি অভিযান, নরসিংদীতে গ্রেপ্তার ২৩৭ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।নিহত এন্দাজ মিয়ার বড় ছেলে আব্দুল মালেক বলেন, ‘সামান্য বিষয়কে কেন্দ্র করে পূর্বের বিরোধের জেরে আমার বাবাকে তাঁরা হত্যা করেছেন।’স্বামীকে হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে জুলেখা খাতুন বলেন, ‘মানুষটা ভাত খেয়া এলায় (এইমাত্র) বাজার গেইল। কায়বা (কিছুক্ষণ) আসি কইছিল, ক্যাথা বালিশ ধরি বাজার চল। তোমার স্বামী এই দুনিয়াত আর নাই।’লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, ‘বিষয়টি সত্যিই দুঃখজনক। এখন মানুষ যেন মানুষ নেই। সামান্য বিষয়কে কেন্দ্র করে এত বড় ঘটনা মেনে নিতে কষ্ট হয়।’গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ নেওয়া হয়েছে। বাদীপক্ষ অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গঙ্গাচড়ায় সাপখেলা দেখাকে কেন্দ্র করে বৃদ্ধের মৃত্যু