জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েক দিনের মধ্যে এ সংলাপ শুরু হতে পারে। প্রধানমন্ত্রীর দপ্তর ও সরকারের উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে প্রথম আলো। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপের প্রস্তুতি চলছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে। তবে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু এখনো চূড়ান্ত হয়নি। এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রোববার সন্ধ্যায় লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে। অন্যদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফরে রয়েছেন।আরও পড়ুন,আওয়ামী লীগকে কেমোথেরাপি দিয়েও বাঁচানো যাবে না: রাশেদ খাঁন সেখান থেকে মালয়েশিয়া হয়ে ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা। এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, তাঁদের দল প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে ঐক্যের ধারাবাহিকতা ও ভিত্তি থাকা জরুরি বলে তিনি মন্তব্য করেন। ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান। ওই দিন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে ১৯ নভেম্বর জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোট প্রধানমন্ত্রীর আহ্বানকে আনুষ্ঠানিকভাবে সাধুবাদ জানায়। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া আহ্বানের ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই সংলাপের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সংলাপের আনুষ্ঠানিক সূচি ও অংশগ্রহণকারী দলগুলোর তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।