টানা চার জয়, অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে বাংলাদেশ। চ্যালেঞ্জার পুলে টানা চার ম্যাচ জিতে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সবশেষ ম্যাচে হংকংকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে শুরু থেকেই হংকংয়ের ওপর আক্রমণের ঝড় তোলে বাংলাদেশ।ম্যাচের নবম মিনিটেই আসে প্রথম গোল। পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক শারিকা রিমনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।দ্বিতীয় কোয়ার্টারেও থামেনি বাংলাদেশের আক্রমণ। ১৯ মিনিটে দুর্দান্ত ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন আক্তার রিয়া। সাত মিনিট পর, ২৬ মিনিটে তৃতীয় গোলটি করেন কণা আক্তার।তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আরও ভয়ংকর হয়ে ওঠে বাংলাদেশ। মাত্র দুই মিনিটের ব্যবধানে আসে দুটি গোল।আরও পড়ুন, কোর্তোয়ার দুর্দান্ত নৈপুণ্য, ইন্টারকে হারিয়ে রিয়ালের জয়৩১ মিনিটে মোসাম্মত লিমার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। এরপর ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের লিড আরও বাড়িয়ে দেন আইরিন রিয়া।শেষ কোয়ার্টারেও হংকংকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। ম্যাচের ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মোসাম্মত লিমা। তাঁর গোলে ৬-০ ব্যবধানে বিশাল জয় নিশ্চিত করে লাল-সবুজের দল।এই জয়ে চ্যালেঞ্জার পুলে চার ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ পূর্ণ ১২ পয়েন্ট। এর আগে চাইনিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।টানা চার জয়ে অপরাজিত থেকেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।চ্যালেঞ্জার পুল থেকে বাংলাদেশের সঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠেছে কাজাখস্তান ও পাকিস্তান। আর এলিট পুল থেকে যোগ দিয়েছে স্বাগতিক চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া।সব মিলিয়ে শেষ আটে লড়বে এশিয়ার আটটি দল।চার ম্যাচে চার জয়, ১২ পয়েন্ট আর হংকংয়ের বিপক্ষে ছয় গোল—সব মিলিয়ে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়েই কোয়ার্টার ফাইনালে পা রাখল বাংলাদেশের মেয়েরা। এখন লক্ষ্য, শেষ আটের বাধা পেরিয়ে আরও বড় সাফল্য অর্জন।