যান্ত্রিক ত্রুটির কারণে দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে এ গ্রিড বিপর্যয় ঘটে। এতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জনজীবন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির জরুরি বার্তায় জানানো হয়, গ্রিড বিপর্যয়ের কারণে ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আরও পড়ুন,সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ঘিরে নতুন নির্দেশনাএ ছাড়া সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার খবর পাওয়া যায়। ঢাকার বাইরের কিছু এলাকাতেও একই পরিস্থিতি তৈরি হয়। চট্টগ্রামের কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বাসাবাড়ি, অফিস-আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, গ্রিডের কার্যক্রম পুনরুদ্ধারে প্রকৌশলীরা কাজ করছেন। ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হচ্ছে। এরই মধ্যে অধিকাংশ এলাকায় সরবরাহ স্বাভাবিক হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা চলছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন বলে জানানো হয়েছে। হঠাৎ এই গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটলেও অধিকাংশ এলাকায় সংযোগ ফিরে আসায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বাকি এলাকাগুলোতে কখন পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।