দৈনিক সংবাদ দিগন্ত

ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় বদলাচ্ছে রায়পুরের গ্রামীণ অর্থনীতি

একসময় ফেলে দেওয়া নারিকেলের ছোবড়াই এখন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজার এলাকার গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। পরিত্যক্ত এই ছোবড়া প্রক্রিয়াজাত করে গড়ে উঠেছে একাধিক ক্ষুদ্র কারখানা। এসব কারখানাকে ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন ৮ থেকে ১০টি উদ্যোক্তা পরিবার এবং শতাধিক নারী-পুরুষ শ্রমিক। তবে পুঁজি সংকট, আধুনিক যন্ত্রপাতির অভাব ও সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় শিল্পটি এখনো ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাঁচা ও শুকনো নারিকেল সংগ্রহ করে এনে ছোবড়া ছাড়ানো, মেশিনে মাড়াই ও রোদে শুকানোর পর ৪০ থেকে ৫০ কেজির বেল তৈরি করা হয়। এসব ছোবড়া থেকে কোকোফাইবার ও কোকোপিট তৈরি হয়। সোফা, গদি, জাজিম, নার্সারি, ছাদবাগান ও আধুনিক কৃষিতে এসব উপাদানের ব্যবহার রয়েছে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এসব পণ্যের চাহিদা রয়েছে। দক্ষ শ্রমিক আব্দুল করিম জানান, প্রতিদিন প্রায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার নারিকেলের ছোবড়া প্রক্রিয়াজাত করে তাঁর আয় হয় প্রায় ১ হাজার ৮০০ টাকা। নারী শ্রমিক আমেনা বেগম বলেন, সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাজ করে তিনি দৈনিক ৩৫০ টাকা মজুরি পান। তবে ১৮ বছর ধরে এ পেশায় থাকা শ্রমিক আবুল হোসেন জানান, বছরের অন্তত ছয় মাস নিয়মিত কাজ না থাকায় সংসার চালাতে অন্য পেশার ওপর নির্ভর করতে হয়।আরও পড়ুন, আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহতহায়দরগঞ্জ বাজারের ২৫ বছরের অভিজ্ঞ ব্যবসায়ী আলাউদ্দিন বাচ্চু বলেন, “কাঁচামাল সংগ্রহ, মজুরি, পরিবহন ও সংরক্ষণ ব্যয় সামলাতে প্রতিনিয়ত আর্থিক ঝুঁকিতে থাকতে হয়। বছরের মাত্র ছয় মাস ভালো ব্যবসা হয়। ব্যাংকঋণ বা সরকারি সহায়তা না থাকায় ব্যবসা বড় করা যাচ্ছে না।” আমীর ট্রেডার্সের স্বত্বাধিকারী আমীর হোসেন জানান, কোকোপিটের চাহিদা বাড়লেও পর্যাপ্ত মূলধন ও আধুনিক যন্ত্রপাতির অভাবে তাঁরা বড় পরিসরে উৎপাদনে যেতে পারছেন না। উল্লেখ্য, ২০২১ সালে প্রকাশিত এক প্রতিবেদনে লক্ষ্মীপুর জেলায় বছরে প্রায় ৫০ কোটি টাকার কোকোফাইবার ও কোকোডাস্ট উৎপাদনের তথ্য উঠে এসেছিল। তবে এটি পুরো জেলার তৎকালীন হিসাব, বর্তমান উৎপাদনের পরিসংখ্যান নয়। সংশ্লিষ্টদের মতে, আধুনিক প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ, উন্নত প্যাকেজিং ও বাজারসংযোগ নিশ্চিত করা গেলে এ শিল্পের মাধ্যমে রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এজন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্বল্পসুদে ঋণ, কারিগরি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। স্থানীয়দের প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে হায়দরগঞ্জের এই অবহেলিত ছোবড়া শিল্প রায়পুরের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় বদলাচ্ছে রায়পুরের গ্রামীণ অর্থনীতি