দৈনিক সংবাদ দিগন্ত

ন্যূনতম মজুরি নিয়ে গ্রহণযোগ্য সমাধান চায় দুই পক্ষ

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে অযৌক্তিক ও অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি জানিয়েছেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের দাবির ধারেকাছেও নেই। তবে এটি চূড়ান্ত প্রস্তাব নয়। সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষই নিজেদের প্রস্তাব সংশোধন করে আবারও আলোচনায় বসবে। সোমবার ২৩ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাবুল আখতার। তিনি বলেন, মালিকপক্ষ তুলনামূলক কম অঙ্ক দিয়ে প্রস্তাবের আলোচনা শুরু করেছে। তবে আলোচনার মাধ্যমে একটি সন্তোষজনক জায়গায় পৌঁছাতে চায় শ্রমিকপক্ষ। এ জন্য শ্রমিকদের দাবির পরিমাণও পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেওয়া হবে। একইভাবে মালিকপক্ষও তাদের প্রস্তাব সংশোধন করবে বলে আশা করছেন তারা। বাবুল আখতার বলেন, আলোচনা এগিয়ে নিতে প্রয়োজনে সভা মুলতবি রেখে মঙ্গলবার সকালে আবারও বসতে চান তারা। এমনকি প্রয়োজন হলে সোমবার রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতিও রয়েছে শ্রমিকপক্ষের। ন্যূনতম মজুরির বিষয়টি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে বলেও জানান তিনি। তবে মালিকপক্ষের প্রস্তাবে কত টাকা উল্লেখ করা হয়েছে, তা প্রকাশ করতে চাননি শ্রমিকপক্ষের এই প্রতিনিধি। আরও পড়ুন,টিসিবির নিজস্ব গুদাম সক্ষমতা হবে এক লাখ মেট্রিক টনতার মতে, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। দুই পক্ষের সংশোধিত প্রস্তাবের ভিত্তিতেই পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়া হবে। এ সময় ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টিও তুলে ধরেন বাবুল আখতার। তিনি জানান, ওই সময় শ্রমিকপক্ষের দাবি ছিল ২৩ হাজার টাকা। তবে শেষ পর্যন্ত ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। সে সময় মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল প্রায় ১০ হাজার ৪০০ টাকা। বাবুল আখতারের ভাষ্য, আগেরবারের মতো এবারও প্রাথমিক প্রস্তাবের পর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। এবার শ্রমিকদের দাবির পক্ষে সব শ্রমিক ফেডারেশন যৌক্তিক অবস্থান নিয়েছে। তবে শিল্পের স্বার্থ বিবেচনায় আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে শ্রমিকপক্ষের প্রস্তাবেও কিছুটা পরিবর্তন আসতে পারে। এখন দুই পক্ষের সংশোধিত প্রস্তাবের ওপর নির্ভর করছে তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের পরবর্তী অগ্রগতি।

ন্যূনতম মজুরি নিয়ে গ্রহণযোগ্য সমাধান চায় দুই পক্ষ