দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট, গাজীপুর ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।আরও পড়ুন,গাজীপুর মৌচাকে উর্মি ফ্যাশন ভান্ডারের বিরুদ্ধে সরকারি জমি ব্যবহারের অভিযোগগাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, গাছা থানাধীন ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরিস্থিতি বিবেচনায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলমান ছিল। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট