গঙ্গা ও পদ্মা নদীর পানিবণ্টন নিয়ে ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক। রোববার ২২ নভেম্বর শুরু হওয়া এ বৈঠক চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। এতে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। আর ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র। বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধিদল হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করবেন। বিশেষ গুরুত্ব পাচ্ছে এবারের বৈঠক। কারণ ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর মাসে শেষ হতে যাচ্ছে। তবে চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়ে এবারের বৈঠকের আলোচ্যসূচিতে কোনো বিষয় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এটিই দুই দেশের মধ্যে সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে। আরও পড়ুন,পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানিবণ্টন সংক্রান্ত তথ্য আদান-প্রদানের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা, বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি কিংবা বিদ্যমান চুক্তি নবায়নের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যৎ চুক্তিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা গ্যারান্টি ক্লজ যুক্ত করার দাবি রয়েছে। উজানে গঙ্গা নদীর ওপর ভারতের বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে পদ্মায় পানিপ্রবাহ কমে যাওয়ার অভিযোগ রয়েছে। এতে বাংলাদেশের কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে নির্দিষ্ট সময় পরপর দুই দেশের মধ্যে পানিবণ্টনের বিধান রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।