রাশিয়ার রাজধানী মস্কোয় বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। সম্ভাব্য হামলার হুমকির কারণে শহরের সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে যুক্তরাষ্ট্র। শনিবার ৩১ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, মস্কোর দোলস্কায়া উলিৎসা এলাকার সারিৎসিনো মিউজিয়াম রিজার্ভে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে বিশ্বাসযোগ্য হুমকির তথ্য রয়েছে তাদের কাছে। এ বিষয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট এলাকা থেকে দূরে থাকার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তথ্য পেয়েছে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি। সংস্থাটি জানিয়েছে, মস্কোয় হামলার পরিকল্পনা সম্পর্কে মার্কিন অংশীদারদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হুমকির খবর ছড়িয়ে পড়ার পর সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।আরও পড়ুন,পুনেতে ১৮ তলা থেকে পড়ে মা ও ছেলের মৃত্যুওই সময় সেখানে সংগীতশিল্পী লিলিয়া পেচেনকিনা কনসার্টে সংগীত পরিবেশন করছিলেন। তিনি জানান, অনুষ্ঠানের শেষ গান চলাকালে মাইকে এলাকা খালি করার ঘোষণা দেওয়া হয়। এদিকে নিরাপত্তার স্বার্থে জাদুঘর প্রাঙ্গণ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তাকর্মীরা। টেলিগ্রাম চ্যানেল বাজা জানিয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশি যানবাহন দিয়ে পুরো এলাকায় টহল দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২২ মার্চ মস্কোর ক্রোকাস সিটি হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার আগেও সম্ভাব্য হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ওই হামলায় ১৪৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। তবে সে সময় রাশিয়ার গোয়েন্দাপ্রধান সের্গেই নারিশকিন মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যকে অত্যন্ত সাধারণ বলে মন্তব্য করেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তথ্যগুলো এতটাই সাধারণ ছিল যে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। নতুন করে মস্কোয় হামলার হুমকির ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে রুশ কর্তৃপক্ষ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।