কাপাসিয়ায় দুর্বৃত্তদের হামলায় কৃষকদলের নেতা নিহত
গাজীপুরের কাপাসিয়ায় দুর্বৃত্তদের হামলায় কৃষকদলের নেতা হেলাল উদ্দিন (৫৫) নিহত হয়েছেন। তিনি ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, গতকাল শনিবার রাতে কোটবাজালিয়া এলাকায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে পেছন থেকে তাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হেলাল উদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল লতিফের ছেলে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল গাজীপুর জেলা শাখার সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু জানান, হেলাল উদ্দিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।আরও পড়ুন, শিবচরে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তারওসি শাহীনুর আলম বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, নিহতের ভাতিজার সঙ্গে মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে শনিবার তার বাকবিতণ্ডা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।