অভিনয়কে নিজের নেশা বলে উল্লেখ করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। সিনেমায় একের পর এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। প্রতিটি চরিত্রের ভেতরে প্রবেশ করে ভিন্ন একটি জীবন ও অনুভূতি উপলব্ধি করার আকর্ষণই তাঁকে অভিনয়ের প্রতি আগ্রহী করে রেখেছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। নিজের অভিনয়ভাবনা তুলে ধরে তুষি বলেন, ‘অনেকের অনেক নেশা থাকে, আমার নেশা অভিনয়।’ তাঁর মতে, পৃথিবীতে একজন মানুষের পক্ষে এক জীবনে সব ধরনের অনুভূতি ও অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয়। তবে অভিনয়ের মাধ্যমে কল্পনার জগতে প্রবেশ করে ভিন্ন মানুষের জীবন ও মনস্তত্ত্বের কাছাকাছি যাওয়া যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীতে এসে অনেক রকম স্বাদ ও অনুভূতি একা একজন মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। পাখির মতো উড়তে চাওয়া কিংবা অন্য কিছু হয়ে ওঠার আকাঙ্ক্ষা বাস্তবে পূরণ করা না গেলেও চরিত্রের মাধ্যমে সেই অনুভূতির কাছাকাছি পৌঁছানো যায়। কল্পনার এই জগতে বিচরণের অভিজ্ঞতাই তাঁকে অভিনয়ের প্রতি আকৃষ্ট করে।আরও পড়ুন,অভিনয়ের পাশাপাশি আবাসন বিনিয়োগেও সফল লি জং–সুক কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে দীর্ঘ অনুসন্ধান ও প্রস্তুতির প্রয়োজন হয় বলে জানান তুষি। তাঁর ভাষায়, প্রক্রিয়াটি জটিল হলেও এখন সেটিই তাঁর নেশায় পরিণত হয়েছে। অভিনয়ের ক্ষেত্রে সহজাত প্রতিভার চেয়ে পরিশ্রম ও সাধনাকে বেশি গুরুত্ব দেন তিনি। শিল্পচর্চায় নিজের ষষ্ঠ ইন্দ্রিয়কে সজাগ রাখাকেও গুরুত্বপূর্ণ মনে করেন এই অভিনেত্রী। নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে তুষির পরামর্শ, যে কাজ মানুষকে একঘেয়ে করে তোলে না, সেই কাজের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে। তাঁর পর্যবেক্ষণ, নতুনদের মধ্যে অনেক সময় অস্থিরতা দেখা যায়। তাই ধৈর্য ধরে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি জানার আগ্রহ বাড়াতে নিয়মিত পড়াশোনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। অভিনয়কে শুধু পেশা নয়, বরং ভিন্ন জীবন ও অনুভূতি জানার একটি মাধ্যম হিসেবে দেখেন নাজিফা তুষি। চরিত্রের গভীরে প্রবেশের এই আগ্রহ এবং নিরন্তর চর্চাকেই নিজের অভিনয়যাত্রার প্রেরণা হিসেবে তুলে ধরেছেন তিনি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।