দৈনিক সংবাদ দিগন্ত

সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দল বিএনপি 'সবকিছু শেষ করে দেওয়ার অপকৌশল' নিয়েছে। তিনি শুক্রবার রাতে জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সরাসরি বলেছি, আপনারা ওয়াদা ভঙ্গ করেছেন। আপনাদের ওপর আমাদের কোনো আস্থা নেই। সেই কারণেই আমরা ওয়াকআউট করেছি।"তিনি জানান, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপনের পর সেগুলো যাচাইয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কিন্তু অভিযোগ করে তিনি বলেন, কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রণয়নে বিরোধী দলের সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। ডা. শফিকুর রহমান বলেন, “সরকারি দলের সদস্যরা একতরফাভাবে রিপোর্ট চূড়ান্ত করেছেন, যা সংসদীয় চর্চার পরিপন্থী। পরে আপত্তির মুখে কিছু বিষয় যুক্ত করা হলেও তা গ্রহণযোগ্য হয়নি।"আরও পড়ুন, বক্তব্য বিকৃতির অভিযোগে ক্ষোভ, ‘এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কবে’ বললেন ডা. শফিকুর রহমানবিরোধীদলীয় নেতা আরও বলেন, ১৩৩টি অধ্যাদেশের সবগুলোই সংসদে আলোচনার জন্য আনা উচিত ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ 'ল্যাপস' তালিকায় ফেলে দেওয়া হয়েছে, যা জনগণের স্বার্থের পরিপন্থী। ডা. শফিকুর রহমান বলেন, “দুদক বিল, পুলিশ সংস্কার কমিশন বিল, গুম কমিশন বিল ও পিএসসি বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে না আনার সমালোচনা করি।" তিনি আরও অভিযোগ করেন, সরকার সংসদে আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি করেছে এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি থেকেও সরে এসেছে। স্থানীয় সরকার ব্যবস্থা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অনির্বাচিত প্রতিনিধিত্ব বন্ধ করেনি, যা 'স্ববিরোধী আচরণ'।আরও পড়ুন, গণভোটই সর্বোচ্চ আইনি ভিত্তি বহন করে: গোলাম পরওয়ারনির্বাচন নিয়েও প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান দাবি করেন, নির্বাচন প্রক্রিয়া আগে থেকেই নির্ধারিত ছিল এবং গণভোটের ফলাফল উপেক্ষা করা হয়েছে। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং এ লড়াই থেকে বিরোধী দল সরে আসবে না।

সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির