রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমপি) আওতায় ১০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বড়বিল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বাছাইকৃত ১৮৪ জন নারী প্রার্থীর অংশগ্রহণে উন্মুক্ত লটারির মাধ্যমে তাঁদের নির্বাচন করা হয়। নির্বাচিত নারী কর্মীরা আগামী পাঁচ বছর বড়বিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, রাজনীতিবিদ এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। এ সময় বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা বলেন, ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে প্রাথমিকভাবে বাছাই করা ১৮৪ জন নারী প্রার্থীর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে কর্মকর্তারা প্রার্থীদের নামের তালিকা তৈরি করে ক্রমিক নম্বর প্রদান করেন। সবার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উন্মুক্ত লটারির মাধ্যমে ১০ জন নারীকে নির্বাচিত করা হয়েছে। আমরা একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।আরও পড়ুন, শিশু-কিশোরদের মেধা ও ক্রীড়া বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস: সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠানউপজেলা এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, গঙ্গাচড়া উপজেলার মধ্যে বড়বিল ইউনিয়নে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ ধরনের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। উল্লেখ্য, আরআরএমপি প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত ১০ জন নারী কর্মী আগামী পাঁচ বছর বড়বিল ইউনিয়নের কর্ম এলাকায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ কার্যক্রমে গতি আসবে, অন্যদিকে স্থানীয় নারীদের দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।