বর্ষার শুরুতেই ডেঙ্গুর নতুন হটস্পট ১৪ জেলা, ভয়াবহ ঝুঁকির সতর্কতা
বর্ষার শুরুতেই দেশে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একসময় রাজধানীকেন্দ্রিক এই রোগ এখন ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগস্ট ও সেপ্টেম্বর মাসে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার জানিয়েছেন, বরিশাল, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, পটুয়াখালী, মাদারীপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার ও চট্টগ্রামে দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এসব এলাকা এখন এডিস মশার নতুন হটস্পটে পরিণত হচ্ছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৪৫৮ জন। মারা গেছেন ১৯ জন।আরও পড়ুন, উপাত্তভিত্তিক বাংলাদেশ গঠনে বড় পদক্ষেপ আক্রান্তের প্রায় ৭৭ শতাংশই ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের বাসিন্দা। বিভাগভিত্তিক আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ।স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জানিয়েছেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার পরিচ্ছন্নতা অভিযান, চিকিৎসকদের প্রশিক্ষণ এবং লার্ভা ধ্বংসে বিশেষ উদ্যোগ নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু ফগিং নয়, নিয়মিত লার্ভা ধ্বংস, পরিবেশ ব্যবস্থাপনা এবং জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।বিশেষজ্ঞদের আরও অভিযোগ, দেশের অধিকাংশ সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে কীটতত্ত্ববিদ, জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি রয়েছে। ফলে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না।তাই এখনই সমন্বিত উদ্যোগ না নিলে বর্ষার বাকি সময় ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।