দৈনিক সংবাদ দিগন্ত

কায়সার কামালের নেতৃত্বে কুনমিংয়ে উচ্চপর্যায়ের বৈঠক

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, বাণিজ্য, বিনিয়োগ এবং যোগাযোগ অবকাঠামো খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, সংসদ সদস্য আখতার হোসেন, খালেদ মাহমুদ শ্যামল ও সুলতানা জেসমিন এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।চীনের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান এবং ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ওয়াং নিং। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউনান প্রদেশের শীর্ষ প্রশাসনিক ও নীতিনির্ধারক কর্মকর্তারা, যার মধ্যে ভাইস গভর্নর, পররাষ্ট্র, শিক্ষা, বাণিজ্য ও স্বাস্থ্য খাতের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।আরও পড়ুন, সব শ্রেণির মানুষকে বাজেটের আওতায় আনার চেষ্টা করেছি: অর্থমন্ত্রীবৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়। বিশেষ করে স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, শিল্প ও অর্থনৈতিক সহযোগিতা এবং রোড কানেকটিভিটি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বাংলাদেশ পক্ষ থেকে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়, বিশেষ করে স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।এছাড়া ভবিষ্যতে দুই দেশের মধ্যে নিয়মিত প্রতিনিধি বিনিময়, উচ্চপর্যায়ের সফর এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়।বিশ্লেষকদের মতে, এ বৈঠক বাংলাদেশ–চীন কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কায়সার কামালের নেতৃত্বে কুনমিংয়ে উচ্চপর্যায়ের বৈঠক