ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটির চারটি প্রদেশে হুতিদের ৬০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোট। বুধবার (১৮ নভেম্বর) ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ইয়েমেনের রাজধানী সানা ছাড়াও হোদেইদাহ, আমরান ও সাদা প্রদেশে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, হুতি গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা দুর্বল করা এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য তৈরি হওয়া হুমকি মোকাবিলা করাই ছিল অভিযানের মূল লক্ষ্য। জোটের দাবি, ধ্বংস করা সামরিক স্থাপনাগুলোর মধ্যে পাহাড়ি এলাকায় অবস্থিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের সুড়ঙ্গ এবং ড্রোন সংযোজন ও মজুদের কেন্দ্র রয়েছে। এদিকে ইয়েমেনে নতুন করে সংঘাত বাড়ায় দেশটির মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আরও পড়ুন,মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বাড়ানোর নতুন পদক্ষেপজাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে পুনরায় সামরিক সংঘাত শুরু হওয়ার পর হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ। এই সংঘাতের ফলে ২০২২ সালের এপ্রিল থেকে দেশটিতে বিরাজমান আপেক্ষিক শান্ত পরিস্থিতির অবসান ঘটেছে। চলমান লড়াই ও বাস্তুচ্যুতির কারণে আরও তীব্র হয়েছে ইয়েমেনের মানবিক সংকট। উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে হুতিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর ইয়েমেনে যুদ্ধ শুরু হয়। পরবর্তী সময়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করে। নতুন করে ৬০টি সামরিক স্থাপনা ধ্বংসের এই দাবি ইয়েমেনের সংঘাত পরিস্থিতিতে আরও উত্তেজনা তৈরি করেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।