দৈনিক সংবাদ দিগন্ত

অভিনয়ের কিংবদন্তি আসাদুজ্জামান নূরের ৮০তম জন্মদিন

বাংলা নাটকের দর্শকের কাছে ‘বাকের ভাই’ নামটি আজও আবেগের আরেক নাম। হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’-এ এই চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন অভিনেতা আসাদুজ্জামান নূর। তবে জীবনের ৮০তম জন্মদিনে মঞ্চের আলো কিংবা সহকর্মীদের সান্নিধ্য নয়, কারাগারেই কাটছে তার জন্মদিন। শনিবার ৩১ অক্টোবর আসাদুজ্জামান নূরের ৮০তম জন্মদিন। ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর কারাগারে এটি তার তৃতীয় জন্মদিন। একাধিক মামলায় জামিন পেলেও অন্যান্য মামলার আইনি জটিলতায় এখনো মুক্তি পাননি তিনি। জন্মদিন উপলক্ষে সহকর্মী, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এদিন তার পুত্রবধূ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজলী শেহরিন ইসলামও আগের একটি জন্মদিনের পোস্ট আবার শেয়ার করেছেন। সেখানে তিনি সবার জন্য সমান ন্যায়বিচারের প্রত্যাশা তুলে ধরেছেন। তার বক্তব্য, ১৯৭১ সালের ন্যায়বিচার, জুলাইয়ের ন্যায়বিচার এবং আসাদুজ্জামান নূরের জন্য ন্যায়বিচার—কোনোটিই পরস্পরের বিরোধী নয়। আরও পড়ুন,নিউইয়র্ক ভ্রমণে অভিনেত্রী প্রভা১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারীতে জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান নূর। মঞ্চনাটক, টেলিভিশন নাটক ও আবৃত্তিতে দীর্ঘদিনের অবদান রয়েছে তার। ‘কোথাও কেউ নেই’-এর বাকের ভাই ছাড়াও ‘অয়োময়’-এর মীর্জা, ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’ ও ‘আজ রবিবার’-এর মতো নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। মঞ্চে ‘নূরলদীনের সারাজীবন’, ‘দেওয়ান গাজীর কিসসা’ ও ‘গ্যালিলিও’ নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন তিনি। নীলফামারী-২ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোডের বাসা থেকে গ্রেপ্তার হন আসাদুজ্জামান নূর। জুলাই আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলাসহ একাধিক মামলায় তাকে আসামি করা হয়। চলতি বছরের মে মাসে দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার থাকায় এখনো কারামুক্তি মেলেনি তার।একদিকে বাংলা নাটকের স্মরণীয় চরিত্র বাকের ভাইয়ের অভিনেতার ৮০তম জন্মদিন, অন্যদিকে কারাগারে তার বন্দিজীবন—দুই বাস্তবতার মধ্যেই দিনটি স্মরণ করছেন তার সহকর্মী ও ভক্তরা।

অভিনয়ের কিংবদন্তি আসাদুজ্জামান নূরের ৮০তম জন্মদিন