দৈনিক সংবাদ দিগন্ত

শতবর্ষের ইতিহাস ভেঙে ভিপি হলেন নাশরা নাঈম

ভারতের ঐতিহাসিক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নতুন ইতিহাস গড়েছেন নাশরা নাঈম। বিশ্ববিদ্যালয়টির ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী শিক্ষার্থী সহসভাপতি বা ভিপি পদে নির্বাচিত হয়েছেন। শুক্রবার ৬ নভেম্বর নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। এতে নাশরা নাঈম পেয়েছেন ৭ হাজার ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম নারী ভিপি হিসেবে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন তিনি।এবারের নির্বাচনে নারী প্রার্থীদের সাফল্য ছিল উল্লেখযোগ্য। ছাত্র সংসদের মোট ১০টি ক্যাবিনেট সদস্য পদের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছেন নারী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষাবিদরা এটিকে ক্যাম্পাসে নারী নেতৃত্বের অগ্রগতির গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন। এদিকে সভাপতি পদে ৪ হাজার ১০০ ভোটের বেশি ব্যবধানে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। সাধারণ সম্পাদক বা জিএস পদে জয় পেয়েছেন মোহাম্মদ হামদান। নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেন্স কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান। বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষকের মতে, এবারের নির্বাচনে জেন জি বিক্ষোভের প্রভাবও ছিল।আরও পড়ুন,যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে যুদ্ধের ধরন বলল ইরান আগের নির্বাচনে ক্যাম্পাসকেন্দ্রিক বিষয়গুলো গুরুত্ব পেলেও এবার জাতীয় পর্যায়ের বিভিন্ন বিষয় এবং মুসলিমদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও প্রচারণায় উঠে এসেছে। অন্যদিকে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাঈমা খাতুন। তিনি নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয় হিসেবে উল্লেখ করেন। ছাত্র সংসদে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধিকে স্বাগত জানিয়ে নারী ক্ষমতায়নের গুরুত্বও তুলে ধরেন তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো নির্বাচনী প্রচার ও ভোট গ্রহণ চলাকালে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। নাশরা নাঈমের এই জয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নারী নেতৃত্বের ইতিহাসে এক নতুন অধ্যায়।

শতবর্ষের ইতিহাস ভেঙে ভিপি হলেন নাশরা নাঈম