দুর্গাপূজায় ভারতে ইলিশ যাবে? অনুমতি চেয়ে আবেদন ১৮ প্রতিষ্ঠানের
দুর্গাপূজাকে সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করেছে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান। একই সময়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।রপ্তানির অনুমতি দেওয়া হবে কি না, তা নির্ধারণে দেশে ইলিশের সরবরাহ ও চাহিদা পরিস্থিতি জানতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতামত চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। তাদের মতামতের ভিত্তিতেই ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। রপ্তানির অনুমতি দেওয়ার পক্ষে ইতিবাচক মতামত আসবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।এবার বাংলাদেশি রপ্তানিকারকেরা আগের মতো মাত্র কয়েক দিনের জন্য নয়, তুলনামূলক দীর্ঘ সময় ইলিশ রপ্তানির সুযোগ চেয়েছেন। তাঁদের দাবি, অন্তত দুই মাস এবং সম্ভব হলে সারা বছর রপ্তানির অনুমতি দেওয়া হোক।ব্যবসায়ীদের যুক্তি, মাত্র ২০ থেকে ২৫ দিনের মধ্যে ঋণপত্র খোলা, ইলিশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং শেষ করে রপ্তানি করা কঠিন হয়ে পড়ে।এ বছর খুলনা, চট্টগ্রাম, যশোর, ঢাকা, বরিশাল, ভোলা ও সাতক্ষীরার ১৮টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে।অন্যদিকে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনও বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।তবে অতীতে অনুমোদিত পরিমাণের তুলনায় ভারতে ইলিশ রপ্তানি হয়েছে অনেক কম। গত বছর ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও শেষ পর্যন্ত রপ্তানি হয়েছিল মাত্র ১৫০ টন।২০২৪ সালেও ২ হাজার ৪২০ টন রপ্তানির অনুমোদনের বিপরীতে ভারতে গিয়েছিল মাত্র ৫৭৭ টন ইলিশ। এর আগের বছর ৩ হাজার ৯৫০ টনের অনুমতি দেওয়া হলেও রপ্তানি হয় ১ হাজার ৩০০ টন।এখন মূল প্রশ্ন—দেশের বাজারে ইলিশের সরবরাহ ও দাম বিবেচনায় নিয়ে এবার সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেবে কি না। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতামতের পরই মিলবে সেই সিদ্ধান্ত।