ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে দেখা গেছে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র। এ ঘটনায় ওয়েবসাইটটি সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। শনিবার ৩১ অক্টোবর দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এমন দৃশ্য দেখা যায়। সেখানে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি ভেসে উঠছিল। পাশাপাশি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছিল মিউজিক। ওই সময় পোর্টালটির স্বাভাবিক সংবাদ ও তথ্যের পরিবর্তে প্রদর্শিত হচ্ছিল রাজনৈতিক বার্তা এবং সহিংসতার বিভিন্ন চিত্র। ফলে ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, তা নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন। ঘটনার পর ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেও সেটি আর স্বাভাবিকভাবে খোলা যাচ্ছিল না। আরও পড়ুন,তাহসিফের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বানতবে ওয়েবসাইটটি হ্যাক বা সাইবার হামলার শিকার হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম। এখানে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য এবং পুলিশের নানা কর্মকাণ্ডের খবর প্রকাশ করা হয়। এ ঘটনায় ডিএমপির অবস্থান জানতে মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে ও মেসেজের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি। সব মিলিয়ে পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যমে এমন রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র প্রদর্শনের ঘটনায় তৈরি হয়েছে উদ্বেগ। তবে এর পেছনে সাইবার হামলা, ওয়েবসাইটের কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা জানতে ডিএমপির আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।