দৈনিক সংবাদ দিগন্ত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমল

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি থেকে মূল্যস্ফীতির আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হারের সিদ্ধান্তের অপেক্ষায় বুধবার স্বর্ণের দামে এ পতন দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫ দশমিক ৫৯ ডলারে নেমেছে। এর আগের কার্যদিবসে দাম প্রায় ১ শতাংশ বেড়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার মূল্যও দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭০ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে। সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার পর জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়েছে। তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্যাপিটাল ইকোনমিকসের জলবায়ু ও পণ্যবাজারবিষয়ক অর্থনীতিবিদ হামাদ হুসাইন বলেন, তেলের দাম বৃদ্ধি এবং এর ফলে ফেড প্রত্যাশার চেয়ে কঠোর অবস্থান নিতে পারে—এমন আশঙ্কা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে, জ্বালানির উচ্চমূল্য মূল্যস্ফীতি বাড়ালে সুদের হার দীর্ঘ সময় ধরে বেশি থাকতে পারে। স্বর্ণ থেকে সরাসরি সুদ পাওয়া যায় না বলে উচ্চ সুদের পরিবেশে এ ধাতুতে বিনিয়োগের আকর্ষণ কমতে পারে।আরো পড়ুন:সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব, চাপে ভোক্তারারয়টার্সের এক জরিপে দেখা গেছে, উচ্চ মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা, শক্তিশালী ডলার এবং সুদের হার দীর্ঘ সময় বেশি থাকার প্রত্যাশায় বিশ্লেষকেরা টানা দ্বিতীয় প্রান্তিকে ২০২৬ সালের স্বর্ণের দাম নিয়ে পূর্বাভাস কমিয়েছেন। তবে ২০২৭ সালে স্বর্ণের বাজার ঘুরে দাঁড়াতে পারে বলে তাঁদের প্রত্যাশা। একই জরিপে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম নিয়েও পূর্বাভাস কমানো হয়েছে। বুধবার আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৪ দশমিক ০৪ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৫৩৮ দশমিক ৫০ ডলার হয়েছে। বিপরীতে প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২৭ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। এদিকে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮৪৯ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৩৯১ টাকা।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমল