ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল শহর থেকে সরানো হবে : সড়কমন্ত্রী
আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে রাজধানী ঢাকা থেকে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালকে ধাপে ধাপে শহরের বাইরে স্থানান্তর করা হবে। নতুন পরিকল্পনা অনুযায়ী সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে, ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে এবং মহাখালী টার্মিনাল উত্তরা ও আব্দুল্লাহপুর সংলগ্ন এলাকায় স্থানান্তর করা হবে।আরও পড়ুন, জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা: এসএসএফকে প্রধানমন্ত্রীতিনি আরও জানান, কলাবাগান, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় যেসব বেসরকারি বাস কাউন্টার অস্থায়ী টার্মিনালের মতো কাজ করছে, সেগুলোও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে। কাউন্টারের সামনে বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানামার যে প্রবণতা রয়েছে, তা বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।সংলাপে তিনি পদ্মা সেতুর পিলারের কাছাকাছি মাটি অপসারণ বিষয়ে ওঠা প্রশ্নের জবাবও দেন। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ওই মাটি অপসারণে সেতুর কোনো ঝুঁকি নেই, বরং নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা রক্ষায় এটি প্রয়োজনীয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।