হলিউড অভিনেত্রী আনা দে আরমাসের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। প্যারিস ভ্রমণের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। তবে ছবির শেষটি ঘিরেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে সবচেয়ে বেশি কৌতূহল। অনেকে মনে করছেন, ভেনেজুয়েলার সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রোর সঙ্গে প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন আনা। প্যারিস ভ্রমণের ছবিগুলোতে আনা দে আরমাসকে দেখা গেছে নানা মুহূর্তে। কোথাও সাদামাটা সাজে সেলফি তুলেছেন, কোথাও সাদা শার্ট ও চশমা পরে আয়নার সামনে দাঁড়িয়েছেন। শরীরচর্চার মুহূর্তের পাশাপাশি ভ্রমণে উপভোগ করা বিভিন্ন খাবারের ছবিও প্রকাশ করেছেন তিনি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি জমকালো নৈশভোজের টেবিলের ছবি। সেখানে পাশাপাশি রাখা দুটি কার্ডে লেখা ছিল আনা ও বেতোর নাম। বেতোকে ছবিতে সরাসরি দেখা না গেলেও পাশাপাশি রাখা নামের কার্ড দুটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। যদিও এ বিষয়ে তাঁদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। চলতি বছরের জুলাইয়ে প্রথম একসঙ্গে দেখা যায় আনা ও বেতোকে। আরও পড়ুন,পর্দার নায়করাজ ঘরে কেমন বাবা ছিলেনএরপর আগস্টে স্পেনের ফোরমেন্তেরা দ্বীপে ছুটি কাটানোর সময় তাঁদের হাত ধরে হাঁটতে ও চুম্বন করতে দেখা যায় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সূর্যাস্তের সময় নৌকায় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও সামনে আসে। পরে ৬ অক্টোবর প্যারিস ফ্যাশন উইকে লুই ভুইতোর ফ্যাশন শোতে একসঙ্গে হাজির হন তাঁরা। এরপর একটি জমকালো পার্টিতেও অংশ নেন দুজন। বেতো মন্টেনেগ্রো ভেনেজুয়েলার জনপ্রিয় সংগীতদল রাওয়ায়ানার প্রধান কণ্ঠশিল্পী ও গিটারবাদক। ২০০৭ সালে গঠিত এই ব্যান্ডটি লাতিন সংগীতজগতে পরিচিতি পেয়েছে। বর্তমানে আন্তর্জাতিক সফরেও ব্যস্ত রয়েছে দলটি। এদিকে হলিউড অভিনেতা টম ক্রুজের সঙ্গে আনা দে আরমাসের বিচ্ছেদের খবর প্রকাশিত হওয়ার প্রায় এক বছর পর নতুন করে তাঁর ব্যক্তিগত জীবন আলোচনায় এসেছে। ২০২৫ সালের অক্টোবরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়েছিল।সব মিলিয়ে প্যারিস ভ্রমণের একটি ছবি ঘিরে নতুন করে আলোচনায় আনা দে আরমাসের ব্যক্তিগত জীবন। তবে বেতো মন্টেনেগ্রোর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।