শীতের আমেজ শুরু হতেই যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী আজাদ মার্কেটে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা। সাধ্যের মধ্যে পছন্দের গরম কাপড় কিনতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই মার্কেটটিতে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সরেজমিনে দেখা যায়, প্রায় ৪০ শতক জমির ওপর গড়ে ওঠা এই মার্কেটে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪০টি দোকান রয়েছে। গত ২৫ বছর ধরে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে সুনামের সঙ্গে পোশাকের ব্যবসা পরিচালনা করে আসছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই মার্কেটের ব্যবসায়ীদের কোনো দোকান ভাড়া দিতে হয় না। ফলে পরিচালন ব্যয় কম হওয়ায় তাঁরা ক্রেতাদের কাছে তুলনামূলক অনেক কম দামে পোশাক বিক্রি করতে পারছেন। ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়ার পর থেকেই ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে ভালো বেচাকেনার আশা করছেন তাঁরা। দীর্ঘ আড়াই দশক ধরে এই মার্কেটের ব্যবসার ওপরই তাঁদের জীবিকা ও সংসার নির্ভরশীল।আরও পড়ুন, দেবহাটায় গভীর রাতে পুলিশের অভিযান, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২মার্কেটে আসা ক্রেতারা জানান, আধুনিক বিপণিবিতানগুলোর তুলনায় এখানে অনেক কম দামে ভালো মানের শীতের পোশাক পাওয়া যায়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের কাছে সাশ্রয়ী মূল্যের কারণে মার্কেটটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, মার্কেটটি কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হোসেন আজাদের মালিকানাধীন জমিতে অবস্থিত। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার কথা বিবেচনা করে তিনি দীর্ঘ ২৫ বছর ধরে জমিটি উন্মুক্ত রেখে বিনা ভাড়ায় দোকান পরিচালনার সুযোগ দিয়ে আসছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।