আইজিপি মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ছাত্রশিবির। পৃথক বিবৃতিতে সংগঠন দুটি বলেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত সংবিধান, মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী। সোমবার ২৭ অক্টোবর দেওয়া বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। পুলিশ নাগরিকের সেবক, শাসক নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান হিসেবে আইজিপির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান তিনি। জামায়াতের বিবৃতিতে বলা হয়, অতীতে বিনা বিচারে হত্যা, গুম এবং ক্রসফায়ারের মতো ঘটনার কারণে নাগরিকদের জীবন ও স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আইজিপির বক্তব্যে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তির ইঙ্গিত রয়েছে বলে দাবি করেন জামায়াত নেতা।আরও পড়ুন,আওয়ামী-বিএনপির চরিত্র এক: জামায়াত এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।অন্যদিকে, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। তাঁদের ভাষ্য, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ নাগরিকের আইনি সুরক্ষা, জীবন ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা দেয়। অপরাধী নির্ধারণ এবং শাস্তি দেওয়ার এখতিয়ার আদালতের। পুলিশের দায়িত্ব অপরাধ তদন্ত করা এবং অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা। এর আগে সোমবার সকালে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের একটি শাখা উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি এলাউ করে, তাহলে আমরা সেটাই করব।’ এ বক্তব্য নিয়ে সমালোচনার পর পুলিশ সদর দপ্তর ব্যাখ্যা দিয়ে জানায়, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার বোঝাতে গিয়ে আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন। আইজিপির বক্তব্য ঘিরে রাজনৈতিক ও মানবাধিকার প্রশ্নে আলোচনা তৈরি হয়েছে। জামায়াত ও ছাত্রশিবিরের দাবি, আইনশৃঙ্খলা রক্ষার নামে কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুযোগ থাকা উচিত নয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।