রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এলাকায় এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন। আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম তিন যুবককে আটক করে পুলিশের কাছে দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি। ওয়েস্টিন হোটেলের সামনে কয়েকজন যুবককে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শুনে তিনি গাড়ি থামান। আবদুর রহিম জানান, ঘটনাস্থলে চারটি মোটরসাইকেল রাখা ছিল। যুবকদের পরিচয় জানতে চাইলে তাঁদের চারজন মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।আরও পড়ুন,নগরবাসীর সেবায় দিনরাত কাজ করছে ডিএনসিসি, নেতৃত্বে প্রশাসক মিল্টন পরে তিনি অন্য তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন। এমনটাই দাবি করেছেন ছাত্রদল নেতা আবদুর রহিম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে এবং পরে থানায় নিয়ে যায়। রহিমের দাবি, জিজ্ঞাসাবাদে ওই তিন যুবক বলেন, তাঁরা মদ্যপ অবস্থায় না বুঝে শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন। এ জন্য তাঁরা দুঃখ প্রকাশ করেন। তবে তাঁদের এ বক্তব্যের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আলাদা কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আটকের পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে আটক যুবকদের ঘিরে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক বলেন, তিনি কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনেছেন। পরে তাঁদের কয়েকজনকে মোটরসাইকেল নিয়ে চলে যেতে এবং অন্য একজনকে দৌড়ে ধরার চেষ্টা করতে দেখেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর রাত তিনটার দিকে জানান, তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে। তবে কোন অভিযোগে মামলা করা হবে, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।