দৈনিক সংবাদ দিগন্ত

অপরাধ দমনে অবদানের স্বীকৃতি পেলেন পুলিশ সদস্যরা

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের সভাপতিত্বে সভা দুটি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। ফতুল্লা থানার এএসআই মো. আব্দুল হামিদ খান জেলার শ্রেষ্ঠ এএসআই, রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী শ্রেষ্ঠ এসআই, ট্রাফিক শাখার সার্জেন্ট শফিউল আজম শোভন শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার এবং জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মফিজুল ইসলাম শ্রেষ্ঠ ডিবি অফিসার নির্বাচিত হন।আরো পড়ুন,জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর বৈঠক ক্লু-লেস মামলার রহস্য উদ্‌ঘাটনে অবদানের জন্য বন্দর থানার এসআই মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই পলাশ বাইন এবং সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিককে পুরস্কৃত করা হয়। বিশেষ পুরস্কার পান বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন। অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে অবদানের জন্য পুরস্কৃত হন রূপগঞ্জ থানার ওসি এ. এইচ. এম. সালাউদ্দিন। এ ছাড়া জেলা বিশেষ শাখার এসআই মোহাম্মদ শরীফ হোসেন ও এসআই মো. জামাল উদ্দিন এবং ওয়াচার কনস্টেবল মাহবুব আফ্রাদ, হুমায়ুন কবির ও মো. ইসমাইল খানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। দুপুর ১২টায় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মামলাগুলোর অগ্রগতি তুলে ধরেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অপরাধ দমনে অবদানের স্বীকৃতি পেলেন পুলিশ সদস্যরা