দৈনিক সংবাদ দিগন্ত

ফল প্রকাশের অপেক্ষায় ১২ লাখের বেশি পরীক্ষার্থী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে। এবার মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে আগের নম্বরের পরিবর্তে নতুন নম্বর ব্যবহার করতে হবে।আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইন রেজাল্ট পোর্টাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল সংগ্রহের সুযোগ থাকবে না। এবার এসএমএসের মাধ্যমে ফল জানতে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে। আগের বছরগুলোতে এ জন্য ১৬২২২ নম্বর ব্যবহার করা হতো। নতুন নিয়মে পরীক্ষার্থীদের যেকোনো মুঠোফোন নম্বর থেকে নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠাতে হবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে প্রথমে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।আরও পড়ুন,শাবিপ্রবির মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দিল শিবির উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে লিখতে হবে: HSC DHA 123456 2026। অনলাইনে ফলাফল জানতে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটেও প্রবেশ করা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা। প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশের জন্য বোর্ডের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে সেগুলো অনুষ্ঠিত হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফল প্রকাশকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অপেক্ষা ও আগ্রহ তৈরি হয়েছে।

ফল প্রকাশের অপেক্ষায় ১২ লাখের বেশি পরীক্ষার্থী