ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মেহেদি পরানোর সময় তাঁকে হঠাৎ চুমু দিতে দেখা যায় এক যুবককে। মুহূর্তটি দেখে লাজুক হাসিতে প্রতিক্রিয়া জানান অপু। ভিডিওটি প্রকাশের পর ওই যুবকের পরিচয় নিয়েও কৌতূহল তৈরি হয়। জানা গেছে, তাঁর নাম আদনান আজাদ। তাঁরা দুজন একটি প্রচারণামূলক ভিডিওতে অংশ নিয়েছেন। ভিডিওতে অপু বিশ্বাস ও আদনান আজাদকে হবু বর-কনের সাজে দেখা যায়। মেহেদি অনুষ্ঠানের আবহে তাঁদের মধ্যে চলছিল খুনসুটি। একপর্যায়ে আদনান অপুকে চুমু দেন। দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁদের নিয়ে আলোচনা শুরু হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রচারণার অংশ হিসেবেই পরিকল্পিতভাবে দৃশ্যটি ধারণ করা হয়েছে। এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। আরও পড়ুন,টিউমার ও অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ফিরলেন ছোট পর্দায়সেসব ছবি প্রকাশের পর থেকেই তাঁদের সম্পর্ক ও একসঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। ওই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা পান অপু বিশ্বাস। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান। সম্প্রতি একসঙ্গে ফটোশুটের বিষয়ে অপু বিশ্বাস জানিয়েছিলেন, আদনান বড় পরিসরে একটি সিনেমা নির্মাণ করতে চান। এ জন্য দেশের বাইরে থেকে ভালো একটি দল নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তাও চলছে। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি আদনান আজাদ বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত। দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাসের সঙ্গে তাঁর বড় পর্দায় ফেরার সম্ভাবনা নিয়েও চলচ্চিত্র অঙ্গনে আলোচনা চলছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।