দৈনিক সংবাদ দিগন্ত

গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পাশে এমপি রায়হান সিরাজী, দিলেন নগদ অর্থ ও খাদ্যসামগ্রী

‎রংপুরের গঙ্গাচড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ সর্বস্ব হারানো দুই ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের পশ্চিম নবনীদাস (মাঠের পাড়) গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। ‎গত বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ওই গ্রামের মৃত সতীশ চন্দ্র রায়ের ছেলে অশোক চন্দ্র রায় (৫০) ও তাঁর ছোট ভাই নরেশ চন্দ্র রায়ের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তাঁদের তিনটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে একটি গরু ও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ‎অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমজীবী অশোক চন্দ্র রায়। দীর্ঘদিনের পরিশ্রমে ছেলের ভবিষ্যৎ ও নতুন বাড়ি নির্মাণের জন্য জমিয়ে রাখা প্রায় সাড়ে তিন লাখ টাকা আগুনে পুড়ে গেছে। এর মধ্যে মাত্র ৫০ হাজার টাকা আংশিক পোড়া অবস্থায় উদ্ধার করতে পেরেছেন তিনি। এ ছাড়া মেয়ের বিয়ের সময় দেওয়া প্রায় দুই লাখ টাকার স্বর্ণালংকারও আগুনে নষ্ট হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।‎আরও পড়ুন, নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে সখীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন‎ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়িয়ে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, অগ্নিকাণ্ডে পরিবার দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। তাঁদের তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার চেষ্টা করা হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় পরিবার দুটির সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ‎এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, গঙ্গাচড়া ইউনিয়ন আমির মনিছুর রহমান, বড়বিল ইউনিয়ন আমির সোহাগ মিয়াসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।‎

গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পাশে এমপি রায়হান সিরাজী, দিলেন নগদ অর্থ ও খাদ্যসামগ্রী