পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গত ৯৬ ঘণ্টায় চালানো বিভিন্ন নিরাপত্তা অভিযানে ৭১ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর জানিয়েছে, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের দাবি, নিহতরা ভারত ও আফগানিস্তানের মদতপুষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্য। তবে ভারত ও আফগানিস্তানের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাকিস্তানের সামরিক বাহিনীর দেওয়া হিসাব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আইএসপিআর জানায়, ২১ সেপ্টেম্বর জিয়ারাত ও আশপাশের এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়। পরে বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় অভিযান সম্প্রসারিত করা হয়। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, আরও পড়ুন, মার্কিন বিমানঘাঁটির কাছে নাশকতার সন্দেহে কয়েকজন আটকশাবান এলাকায় কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানা শনাক্ত করে সেগুলোতে অভিযান চালানো হয়েছে। অন্যদিকে, আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে পাকিস্তান থেকে একটি সশস্ত্র দল প্রবেশের পর তাদের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি করেছে কাবুল। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই অভিযানে ২৮ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ইসলামিক স্টেট বা দায়েশ-সংশ্লিষ্ট সদস্য ছিল বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। আফগানিস্তান আরও অভিযোগ করেছে, পাকিস্তানি পক্ষের সহযোগিতায় ওই যোদ্ধারা নুরিস্তানে প্রবেশ করেছিল। তবে ইসলামাবাদ এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, নুরিস্তানসহ আফগানিস্তানের অভ্যন্তরীণ সংঘাতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সংস্থার জড়িত থাকার দাবি ভিত্তিহীন। দুই দেশের পাল্টাপাল্টি এসব অভিযোগের মধ্যেই সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তপারের সশস্ত্র তৎপরতা ও সামরিক অভিযান নিয়ে বিরোধও বেড়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।