দৈনিক সংবাদ দিগন্ত

‘কিং’ হবে অ্যাকশন ও বিনোদনে ভরপুর: শাহরুখ

অ্যাকশন, নাটকীয়তা, গান আর তারকাদের সমাগমে দর্শকদের বিনোদন দিতে আসছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। তবে বাণিজ্যিক ঘরানার এই সিনেমায় গল্পের সবকিছুতে যুক্তি খুঁজতে গেলে দর্শকদের কিছুটা ছাড় দিতে হবে বলে মনে করেন শাহরুখ খান। সম্প্রতি মেটার আয়োজনে ‘হাউস অব ইনস্টাগ্রাম’ অনুষ্ঠানে নিজের নতুন সিনেমা নিয়ে কথা বলেন এই অভিনেতা। অনুষ্ঠানে সিনেমাটির দ্বিতীয় গান ‘ড্যাডি কুল কিং ভার্সন’ প্রকাশ করেন তিনি। করণ জোহর ও কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আড্ডায় ‘কিং’ নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন শাহরুখ। সিনেমাটি সম্পর্কে শাহরুখ জানান, পরিবারের সবাই মিলে এটি দেখতে পারবেন। এতে রয়েছে প্রচুর অ্যাকশন ও নাটকীয়তা। সিনেমার অনেক কিছুই এখনো প্রকাশ করা হয়নি। গানগুলো ইতোমধ্যে দর্শকেরা শুনেছেন। সিনেমায় অনেক তারকা থাকলেও তাঁদের নাম এখনই প্রকাশ করতে চান না তিনি। ‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শাহরুখ বলেন, সিদ্ধার্থের সঙ্গে তিনি দারুণ কিছু সিনেমা করেছেন। নতুন সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন তিনি। তাঁর মতে, ‘কিং’ এমন একটি সিনেমা, যা দর্শকদের আনন্দ দেবে। বাণিজ্যিক সিনেমায় গল্পের কিছু অংশে যুক্তির ঘাটতি থাকলেও বিনোদনের জন্য তা মেনে নেওয়া যায়।আরও পড়ুন,‘ওয়াকা ওয়াকা’ গানে মাতাতে এবার ঢাকায় আসছেন শাকিরা?সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্তের পেছনে নিজের অভিনয়জীবনের শুরুর দিকের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শাহরুখ। তিনি জানান, একসময় নিজেকে খুব একটা সুদর্শন মনে করতেন না। সেই সময় নায়ক হওয়ার প্রস্তাবকে বড় অর্জন হিসেবে দেখেছিলেন। সাধারণ চেহারার একজনও নায়ক হতে পারেন এই ভাবনাই তাঁকে অনুপ্রাণিত করেছিল। এ ছাড়া বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয়ের সিদ্ধান্তের কথাও জানান তিনি। ৬১ বছর বয়সে এমন একজন মানুষ হিসেবে পর্দায় থাকতে চান, যিনি বয়সের সঙ্গে মানানসই হয়েও আকর্ষণীয় ও প্রাসঙ্গিক। সিনেমাটিতে তাঁর মেয়ে সুহানাও অভিনয় করছেন। শাহরুখের আশা, তাঁকে পর্দায় দেখে অন্য মেয়েরাও নিজেদের বাবাকে এমন একজন মানুষ হিসেবে কল্পনা করতে পারবেন। নিজেকে মূলত একজন বিনোদনদাতা হিসেবে পরিচয় দিয়ে শাহরুখ বলেন, সিনেমা দেখতে গিয়ে দর্শকেরা যেন নাচতে পারেন, কাঁদতে পারেন, গানের সঙ্গে গলা মেলাতে পারেন এবং গল্পের আবেগ ও নাটকীয়তা উপভোগ করতে পারেন এটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘কিং’ হবে অ্যাকশন ও বিনোদনে ভরপুর: শাহরুখ