দৈনিক সংবাদ দিগন্ত

এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর

চলতি মাসের ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো দিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করছে মন্ত্রণালয়ের সম্মতির ওপর।সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রস্তাবিত সময়ের মধ্যে যেকোনো দিন ফল প্রকাশের বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। সম্মতি পাওয়ার পর ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই এবং শেষ হওয়ার কথা ছিল ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় এ বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।আরও  পড়ুন,  ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার ফ্লাইট বাতিলএবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র নির্ধারিত ছিল।সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এ বোর্ডের ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দেয়। রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ এবং কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থী ছিল।এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে ৭৩ হাজার ৩৭, সিলেটে ৭১ হাজার ৭১১ এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষা দেয়। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।

এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর