দৈনিক সংবাদ দিগন্ত

ডিমের দাম ১৫ টাকা হওয়া আতঙ্কের নাম: নাহিদ ইসলাম

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, যেসব পরিবারের নিয়মিত মাছ-মাংস কেনার সামর্থ্য নেই, তাদের জন্য ডিম অন্যতম প্রধান প্রোটিনের উৎস। অথচ ডিমের দাম বাড়ার পাশাপাশি চাল, আটা, তেল, চিনি, মুরগি, মাছ ও সবজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। নাহিদ ইসলামের বক্তব্যের সঙ্গে সাম্প্রতিক বাজারচিত্রেও ডিম ও অন্যান্য খাদ্যপণ্যের উচ্চমূল্যের চাপের বিষয়টি উঠে এসেছে।আরও  পড়ুন, শিক্ষিত চোর ডাকাত তৈরি করছে সার্টিফিকেটনির্ভর শিক্ষা: মুজিবুর রহমান রাজধানীর বিভিন্ন বাজারে ডিম, মুরগি, সবজি ও মাছের দাম নিয়ে ক্রেতাদের চাপের কথা জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের নীতি ও সিদ্ধান্তকে দায়ী করে নাহিদ ইসলাম তিনটি কারণ তুলে ধরেন। তার মতে, বাজেট ও মুদ্রাস্ফীতি, জ্বালানি মূল্যবৃদ্ধি এবং সিন্ডিকেট ও রাজনৈতিক চাঁদাবাজি নিত্যপণ্যের দাম বাড়ার অন্যতম কারণ। তিনি দাবি করেন, বড় বাজেট বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে ভ্যাট বৃদ্ধি, ঋণ গ্রহণ কিংবা মুদ্রা সরবরাহ বাড়ানোর মতো পদক্ষেপের প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর পড়ে। একইভাবে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়লে কৃষি, পোলট্রি, মাছ চাষ, পরিবহন ও ব্যবসার ব্যয় বাড়ে এবং এর প্রভাব পণ্যের দামে পড়ে। নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপির নির্বাচনি ইশতেহার ও ছায়া বাজেটে ধনীদের কর ফাঁকি রোধ, অপ্রয়োজনীয় বড় প্রকল্পের ব্যয় কমানো, নিত্যপণ্যে ভ্যাট কমানো বা তুলে দেওয়া এবং জ্বালানিতে ভর্তুকির বিকল্প প্রস্তাব তুলে ধরা হয়েছে। সরকারের নীতি পরিবর্তনের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর সুযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।

ডিমের দাম ১৫ টাকা হওয়া আতঙ্কের নাম: নাহিদ ইসলাম