দৈনিক সংবাদ দিগন্ত

‘কাজ হারাতে চাইনি’, যৌন হয়রানির অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর জানিয়েছেন, অভিনয়জীবনের শুরুর দিকে একটি সিনেমার শুটিংয়ে পরিচালকের কাছ থেকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি। ২০১১ সালের ওই ঘটনায় ক্যারিয়ার হারানোর ভয়ে শুরুতে প্রতিবাদ করতে পারেননি বলে জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন স্বরা। ‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয়ের পর বলিউডে নিজের অবস্থান তৈরির চেষ্টা করছিলেন তিনি। তখন বয়স বিশের কোঠায়। ব্যক্তিগত কোনো দল বা প্রভাবশালী যোগাযোগ না থাকায় পরিস্থিতি সামাল দেওয়ার মতো সহায়তাও তাঁর ছিল না। স্বরা বলেন, ‘আমি তখন অন্য রকমভাবে অসহায় ছিলাম। আমার ব্যক্তিগত কোনো দল ছিল না। এমন কেউ ছিল না, যার সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাইতে পারতাম।’ অভিনেত্রী জানান, সিনেমাটির শুটিং টানা ৫৬ দিন চলার কথা ছিল। শুটিংয়ের শুরুর দিকেই পরিচালকের আচরণে অস্বস্তিতে পড়েন তিনি। তবে মাঝপথে কাজ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবেননি।আরও পড়ুন,আত্মপ্রেমের বার্তা দিয়ে নতুন ছবিতে সুনেরাহ কারণ, তখন ক্যারিয়ারে নিজের অবস্থান তৈরি করাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। কাজ হারানোর ভয়ও কাজ করছিল। তিনি বলেন, ‘আমি প্রকল্পটি ছেড়ে যেতে চাইনি। কাজ হারাতে চাইনি। আমারও তো নিজের কিছু উচ্চাকাঙ্ক্ষা আছে। সেটাই বা অন্যায় কেন?’ তবে বিষয়টি চেপে না রেখে সিনেমাটির নির্বাহী প্রযোজককে পরিচালকের আচরণের কথা জানান স্বরা। এরপর বাকি শুটিংয়ে তাঁর নিরাপত্তার বিষয়টি দেখভাল করেন ওই প্রযোজক। স্বরার ভাষ্য, কঠিন সময়ে তিনি পাশে দাঁড়িয়েছিলেন। পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বর্তমানে ওই ব্যক্তিই তাঁর ম্যানেজার। স্বরা মনে করেন, ২০১১ সালের তুলনায় কর্মক্ষেত্রে যৌন হয়রানি নিয়ে সচেতনতা বেড়েছে। চলচ্চিত্রজগতে নতুন আসা নারীদের শুরু থেকেই নিজেদের সীমারেখা স্পষ্ট করার পরামর্শ দিয়েছেন তিনি। হয়রানির শিকার হলে দ্রুত অন্যদের সঙ্গে কথা বলা, সহায়তা চাওয়া এবং প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।

‘কাজ হারাতে চাইনি’, যৌন হয়রানির অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী