সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য মাহমুদা আলম মিতুকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে অবস্থানকালে তার মুঠোফোনে এক ব্যক্তি কল করে দ্রুত দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন এবং টুকরা টুকরা করে হত্যার হুমকি দেন। রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছে এনসিপি। দলটির পাঠানো ২ মিনিট ৪০ সেকেন্ডের অডিও রেকর্ডে এক তরুণ কণ্ঠের ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাকে টুকরা টুকরা করা হবে... পরিবারে মায়া থাকলে দ্রুত দেশ থেকে ভাগেন।’ হুমকিদাতা সোমবার একই সময়ে আবারও ফোন করার হুমকি দিয়ে কল কেটে দেন। এনসিপির দাবি, এই হুমকিদাতা আওয়ামী লীগের সমর্থক, যদিও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।আরও পড়ুন,রিজভীর বাসায় হামলার অভিযোগ, পুলিশের কাছে তিনজন এর আগে গত শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহমুদা মিতু সশরীরে ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে হত্যার হুমকির বিষয়টি প্রকাশ করেছিলেন। উল্লেখ্য, এর আগের দিনগুলোতে এনসিপির অপর নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগ এবং ঢাবি ছাত্রনেতা হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এছাড়া গত ৫ নভেম্বর এনসিপি থেকে পদত্যাগ করা সামান্তা শারমিনকেও রোববার দুপুরে হোয়াটসঅ্যাপে কল করে ছাত্রলীগ পরিচয় দিয়ে ‘জয় বাংলা’ করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একের পর এক রাজনৈতিক নেত্রীদের ওপর এমন হুমকির ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।