দৈনিক সংবাদ দিগন্ত

আজ থেকে দেশজুড়ে দ্বিতীয় দফার বিশেষ হাম টিকাদান ক্যাম্পেইন শুরু

দেশজুড়ে দ্বিতীয় দফার বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর)। মাসব্যাপী এ কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। নিয়মিত ও আগের বিশেষ টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের পাশাপাশি এ সময়ে নতুন করে টিকা নেওয়ার উপযুক্ত হওয়া শিশুদেরও কর্মসূচির আওতায় আনা হবে। এবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইনটেনসিফাইড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’ নামে এ বিশেষ কর্মসূচির উদ্বোধন শনিবার সকাল ৯টায় রাজধানীর বনানীর কড়াইল এলাকার টিঅ্যান্ডটি খেলার মাঠে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করবেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম সংক্রমণের প্রাদুর্ভাবের পর এপ্রিল থেকে পর্যায়ক্রমে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে প্রায় ১ কোটি ৯৮ লাখ ৫৫ হাজার ২৭৪ শিশু টিকা পেয়েছে।আরও  পড়ুন, কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকস্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগের কর্মসূচিতে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকা দেওয়ার পাশাপাশি গত কয়েক মাসে ছয় মাস বয়স পূর্ণ করা নতুন শিশুদেরও এবার অন্তর্ভুক্ত করা হবে। এ জন্য স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকা গ্রহণের অবস্থা যাচাই করবেন এবং বাদ পড়া শিশুদের তালিকাভুক্ত করে টিকার ব্যবস্থা করবেন।স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাম নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান কার্যক্রমও জোরদার করা হয়েছে। একই সঙ্গে হাম আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।কর্মকর্তারা বলছেন, বিশেষ এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো কোনো শিশুকে টিকাদানের বাইরে না রাখা। তাই অভিভাবকদের নিজ নিজ এলাকার টিকাদান কেন্দ্রে গিয়ে সন্তান টিকা পেয়েছে কি না তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আজ থেকে দেশজুড়ে দ্বিতীয় দফার বিশেষ হাম টিকাদান ক্যাম্পেইন শুরু