দৈনিক সংবাদ দিগন্ত

কেশবপুর-ত্রিমোহনী সড়ক সংস্কারের অভাবে মরণ ফাঁদ: লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগ

যশোরের কেশবপুরের পশ্চিমাঞ্চলের ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ কেশবপুর-ত্রিমোহনী সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। কার্পেটিং উঠে সড়কজুড়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় এটি এখন স্থানীয়দের কাছে এক প্রকার 'মরণ ফাঁদে' পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ পথে যাতায়াতকারী লক্ষাধিক মানুষ। দ্রুত সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার অধিকাংশ মানুষ বিভিন্ন জরুরি প্রয়োজনে যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে এ সড়কটি ব্যবহার করে থাকেন। প্রাচীনকাল থেকেই যশোর জেলার শার্শা, মণিরামপুর, ঝিকরগাছা, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রাম এবং কেশবপুর উপজেলার বারিতপুর, সফবাদ, মির্জাপুর, মজিদপুর, মঙ্গলকোট, ভোগতী, দৈরামুটিয়া, শ্রীবরামপুর, চালিতাবাড়িয়া, বায়সা, কড়িয়াখালি, বেগমপুর, সাতবাড়িয়া, মূলগ্রাম, হাবাসপোল, মির্জানগর ও বরনডালীসহ প্রায় শতাধিক গ্রামের বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন ছোট-বড় নানা যানবাহনে এ সড়ক দিয়ে যাতায়াত করেন।আরও পড়ুন, কটিয়াদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনএলাকাবাসীর অভিযোগ, অতীতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে দায়সারাভাবে সড়কটি সংস্কার করায় অল্প কিছুদিন যেতে না যেতেই কার্পেটিং উঠে ছোট-বড় শত শত গর্তের সৃষ্টি হয়েছে। নিত্যদিনের যাতায়াতে মানুষের এই দুর্ভোগের কারণে বর্তমানে পশ্চিমাঞ্চলের লক্ষাধিক মানুষের কাছে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি একটি 'অভিশাপ' হিসেবে পরিচিতি লাভ করেছে। এ বিষয়ে কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম বলেন, "সড়কের কার্পেটিং দ্রুত উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়ে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।" সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে তিনি অবিলম্বে সড়কটি পুনর্নির্মাণ ও সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন।

কেশবপুর-ত্রিমোহনী সড়ক সংস্কারের অভাবে মরণ ফাঁদ: লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগ