‘৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলুন, না হলে জনগণই খুলবে’ : নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি সামনে রেখে আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর উদ্বোধন করা না হলে জনগণ নিজেরাই সেটি খুলে প্রবেশ করবে।নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচারকাজ আরও দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।তিনি আরও বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।আরও পড়ুন , ‘মুক্তিযুদ্ধ ও জুলাইকে আলাদা করে দেখার সুযোগ নেই’ : আখতার হোসেনএ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিচার সম্পন্ন করে ফাঁসির রায় কার্যকরের দাবিও জানান নাহিদ ইসলাম।হাসানুল হক ইনুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়। আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তির প্রত্যাশা করেন তিনি।সরকারের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ঘনিয়ে এলেও সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। সরকার দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে বলেও আশা প্রকাশ করেন।