ভারতের সঙ্গে কোনো ধরনের বৈরিতা বা শত্রুতা বাংলাদেশের প্রত্যাশা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হচ্ছে কি না এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভের সামনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। ২০১৯ সালে ছাত্রলীগের (নিষিদ্ধ) নেতাকর্মীদের নির্যাতনে নিহত আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ এ স্মরণসভার আয়োজন করে।নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অনেকগুলো অভিন্ন নদী রয়েছে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এসব নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার কথা থাকলেও গত পাঁচ দশকে তা যথাযথভাবে পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।আরও পড়ুন, আবরারের আত্মদান জাতিকে আরও সংগঠিত করেছে: রিজভী১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন চুক্তির ক্ষেত্রে ভারতকে প্রতিবেশী হিসেবে সুসম্পর্কের অবস্থানের প্রমাণ দিতে হবে। শুধু পুরোনো চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি করার পাশাপাশি অভিন্ন নদীগুলোর যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব নিশ্চিত করার দাবি জানান তিনি।গঙ্গা চুক্তিতে সারা বছর ন্যূনতম নাব্যতা বজায় রাখতে প্রয়োজনীয় পানিপ্রবাহ এবং শুষ্ক মৌসুমে পানির ঘাটতি হলে দুই দেশের সমানভাবে তা বহনের নিশ্চয়তা রাখারও দাবি জানান এনসিপির আহ্বায়ক।তিনি আরও বলেন, শুধু বিমান কেনা বা অর্থনৈতিক সম্পর্ক নয় আন্তর্জাতিক চুক্তিগুলোতে বাংলাদেশের স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। গঙ্গা চুক্তিসহ বাংলাদেশের সঙ্গে হওয়া আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদে আলোচনা করার আহ্বান জানান তিনি।আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত কার্যকরেরও দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, সব আইনি প্রক্রিয়া শেষ করে হত্যার রায় কার্যকর করতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করতে পারলেই আবরার ফাহাদের আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করেন তিনি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।