বন্দিদের মাদকাসক্তি থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং মুক্তির পর কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও ৬০ ঘণ্টাব্যাপী গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার নারায়ণগঞ্জ জেলা কারাগারের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে জেলা প্রশাসক বন্দিদের উদ্দেশে বলেন, জীবনে ভুল হতেই পারে। তবে ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারাগার শুধু শাস্তি ভোগের স্থান নয়, বরং নিজেকে সংশোধন করে নতুনভাবে জীবন শুরু করার সুযোগও রয়েছে।বন্দিদের পুনর্বাসন ও ইতিবাচক জীবনযাপনে উৎসাহিত করতে জেলা প্রশাসক তিনটি বিশেষ উদ্যোগের কথা তুলে ধরেন।তিনি জানান, বন্দিদের মানসিক বিকাশ ও জ্ঞানচর্চার জন্য কারাগারে বই পড়ার কর্মসূচি চালু করা হয়েছে।আরও পড়ুন, সিলেট চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : সিসিক প্রশাসক ইতোমধ্যে ভালো বই পড়ে মানসম্মত রিভিউ প্রদানকারী বন্দিদের পুরস্কৃত করা হয়েছে। জ্ঞানচর্চার মাধ্যমে বন্দিদের চিন্তা ও মননে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।জেলা প্রশাসক আরও বলেন, যারা কারাগার থেকে মুক্তির পর মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার বাস্তবে পালন করবেন, তাদের মধ্য থেকে ১০ জনকে বাছাই করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এর মাধ্যমে বন্দিদের মাদকমুক্ত জীবনযাপনে উৎসাহিত করা হবে।এ ছাড়া বন্দিদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগের কথাও জানান তিনি। কারাগারের অভ্যন্তরে পরিচালিত গার্মেন্টস কার্যক্রমের অর্ডার থেকে অর্জিত লাভের ৫০ শতাংশ বন্দিদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। মুক্তির পর ওই অর্থ কাজে লাগিয়ে তারা যেন নিজের কর্মসংস্থান তৈরি করতে পারেন এবং পরিবারের পাশে দাঁড়াতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে জেলা কারাগারের জেল সুপার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কারারক্ষীরা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।