দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে আজ সোমবার (২৩ নভেম্বর)। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানির জন্য রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা এ আবেদনের ওপর আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। একই সঙ্গে ২৩ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। তবে চেম্বার আদালত সেদিন হাইকোর্টের আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি। ওই দিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আরও পড়ুন,দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যানরিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ূম এবং আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ দিপা। চেম্বার আদালতের আদেশের বিষয়ে আইনজীবীরা জানান, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। তবে চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুয়েট, মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আপিল বিভাগের আজকের শুনানিতে হাইকোর্টের ওই আদেশ বহাল থাকবে, নাকি স্থগিত হবে তা নির্ধারিত হতে পারে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।