বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে। অন্যদিকে, ডিবি হেফাজতে নেওয়া ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে পরিবারের সদস্যদের জিম্মায় রাজীব ঘোষকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম। ডিবি প্রধান জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের করা ওই মামলায় দণ্ডবিধির ৩০২, ১০৯ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আরও পড়ুন,খান জাহান আলীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রীএর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী এবং বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ঘটনার বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানিয়েছিলেন, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেখান থেকে তাঁদের দুজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের চেয়ারম্যানের পাশাপাশি ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। তবে মামলার অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।